মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজন সভা

 


।।প্রতিনিধি,(মহালছড়ি) খাগড়াছড়ি।।

খাগড়াছড়ির মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সমতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) উপজেলা অডিটোরিয়ামে ‘স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আমাদের করণীয়’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এবং বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী।

মহালছড়ি উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি বিপুল চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্ঠা চাকমা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ডেন্টাল সার্জন ডা. মৃদুল কান্তি ত্রিপুরা, উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ হেলথ ওয়াচের অ্যাডভোকেসি ম্যানেজার মোফাকখার মোরশেদ খান, প্রোগ্রাম অফিসার রাজেশ কুমার অধিকারী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপময় তালুকদার, মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন এবং উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য সচিব মো. শফিক ইসলাম।

সভায় মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক, সেবাগ্রহীতাদের প্রত্যাশা ও বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্বাস্থ্যসেবায় সমতা নিশ্চিত করা, সেবার মান বাড়ানো, জবাবদিহিতা শক্তিশালী করা এবং জনগণের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও সেবাগ্রহীতাদের মধ্যে কার্যকর যোগাযোগ, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় অংশীজনদের সম্পৃক্ততা এবং সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

বক্তারা বলেন, একটি কার্যকর ও জনবান্ধব স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, নাগরিক সমাজ, গণমাধ্যম এবং সাধারণ মানুষের সমন্বিত ভূমিকা প্রয়োজন। সেবার মানোন্নয়নের জন্য নিয়মিত মতবিনিময় ও জবাবদিহিতার চর্চা অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সভায় স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন এবং স্থানীয় স্বাস্থ্যসেবা বিষয়ে তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজন সভা

  ।।প্রতিনিধি,(মহালছড়ি) খাগড়াছড়ি।। খাগড়াছড়ির মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সমতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে হাস...