শিক্ষা অধিদপ্তরের নাম ভাঙ্গিয়ে টাকা আদায় করছে প্রতারক চক্র। এই বিষয়ে গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয় বিভিন্ন প্রতারক চক্র সরাসরি বা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা ও তার অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে পদোন্নতি প্রদান, নিয়োগ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বদলিসহ বিভিন্ন কাজ করিয়ে দেয়ার লোভ দেখিয়ে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ফোন করে, ই-মেইল, এস.এম.এস. বা চিঠি পাঠিয়ে টাকা দাবী করছে। কোন কোন ক্ষেত্রে তাদের পক্ষ হতে কর্মকর্তা-কর্মচারীদের নিকট ব্যক্তিগতভাবে ও মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করছে মর্মে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে।
উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকার কোন কাজে কোন প্রকার আর্থিক লেনদেনের কোন প্রয়োজন নেই। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা হতে যে সকল সেবা প্রদান করা হয়ে থাকে, তার জন্য সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে এবং তার ভিত্তিতেই সেবা প্রদান করা হয়ে থাকে।
এ সংক্রান্ত সকল তথ্যাদি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা এর ওয়েব সাইট (www.dshe.gov.bd) এ নিয়মিতভাবে প্রকাশ করা হয়ে থাকে। এমতাবস্থায়, এ ধরনের প্রতারক চক্র বা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা ও এর অধীন কোন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নাম ব্যবহার করে ই-মেইল, এস.এম.এস. ফোন এবং চিঠিপত্র কিংবা তাদের ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে কাউকে কোন ধরনের প্রলোভনের ফাঁদে না জড়ানোর জন্য সংশ্লিষ্টদের-কে অনুরোধ করা হলো। কেউ কোন ধরনের সুবিধা বা টাকা চাইলেই বুঝবেন যে এটা প্রতারণা, সাথে সাথেই এ ধরনের প্রতারকের ফোন নম্বর নিকটস্থ থানায় এবং প্রতারকদের পুলিশে সোপর্দ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

0 মন্তব্যসমূহ